আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগসহ ১৪ দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিত্সক, শিক্ষকসহ সব পেশাজীবী মানুষ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে। দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে আছে।
গতকাল রবিবার ১৪ দলীয় জোটের পক্ষ থেকে সিরাজগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে রবিবার একটি টিম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে অপর একটি টিম শাহজাদপুরের গালা ইউনিয়ন ও পৌরসভাধীন শান্তিপুর এবং চৌহালী উপজেলার ঘোরজান ও খাসপুকুরিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা প্রমুখ। নাসিম পরে তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখীতে সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার শ্যামল সাহার বাসায় যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
