ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে মাইকিং করেছে পুলিশ। কেউ চাঁদা দাবি করলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর এ কার্যক্রম পরিচালনা করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় চালক ও এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচলকারী পরিবহন থেকে এক শ্রেণির শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নামে-বেনামে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করা হচ্ছে।
টাঙ্গাইল থেকে ঢাকা ও গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচলকারী যানবাহন থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া টাঙ্গাইল-বাসাইল-সখীপুর, টাঙ্গাইল-নাগরপুর-দেলদুয়ার, মির্জাপুর-দেলদুয়ার-নাগরপুর, পাকুল্যা-দেলদুয়ার, নাটিয়াপাড়া-মহেড়া, মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া, মির্জাপুর-গোড়াই-চন্দ্রা ও গোড়াই-সখীপুর সড়কসহ বিভিন্ন আঞ্চলিক রোডে প্রতিদিন বিপুল অঙ্কের অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে এ মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিবহন শ্রমিকদের সতর্ক করা হয়েছে—কাউকে যেন চাঁদা না দেওয়া হয়। কেউ চাঁদা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।”
পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
