গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের ‘লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল’ থেকে এই বছর এসএসসি পরীক্ষার্থী এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নাম্বারবিহীন আরটিআর মোটরসাইকেল এশিয়ান হাইওয়ে দিয়ে চলাচল করছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৪-১১৮৬ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

যাত্রীবাহী ইজিবাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৫