আমদানি নিষিদ্ধ শূকরের হাড় ও চর্বি গুঁড়া (পাউডার) দিয়ে পোল্ট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উত্পাদন করত প্রতিষ্ঠানটি। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ রাইস ব্রান তেল নতুন করে তারিখ বসিয়ে পুনরায় বাজারজাত করেছে প্রতিনিয়ত। এমন অভিযোগে গত শনিবার ঢাকার অদূরে ধামরাইয়ের কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রায় ২ হাজার মেট্রিক টন শূকরের চর্বি ও হাড়ের গুঁড়া জব্দ করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বাথুলী এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-৪ ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে ‘হেলথ কেয়ার’ নামের রাইস ব্রান তেল বাজারজাত করে। কিন্তু তেলের বোতল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিষ্ঠানটি কৌশলে সেসব তেল সংগ্রহ করে কারখানায় নিয়ে এসে নতুন করে মেয়াদ বাড়িয়ে লেভেল বসিয়ে পুনরায় বাজারজাত করে আসছিল। এছাড়া দেশে শূকরের চর্বি ও হাড়ের গুঁড়া আমদানি নিষিদ্ধ থাকলেও তারা আমদানি নিষিদ্ধ ওই পাউডার দিয়ে পোল্ট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উত্পাদন করত। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আমদানি নিষিদ্ধ শূকরের চর্বি ও হাড়ের পাউডার যারা আমদানি করে এই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
