বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, যারা ভোটে নির্বাচিত হননি, গায়ের জোরে ক্ষমতায় বসে আছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, সময় শেষ হওয়ার আগেই এই সংসদ বাতিল করুন। নির্বাচন বাতিল করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের জনগণ জানে কীভাবে এই ধরনের সরকারকে পরাজিত করতে হয়। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে বিএনপিপন্থি চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালেদা জিয়া ন্যূনতম ন্যায় বিচার পাচ্ছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিচারব্যবস্থাকে পুরোপুরিভাবে এই অপশক্তি নিয়ন্ত্রণ করছে।
দলীয় কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারী সরকারই দীর্ঘ সময় টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পরাজিত করতে হবে।
ড্যাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজউদ্দীন আহমেদ, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।
