নাটোরের সিংড়ায় রেশমি খাতুন (১৯) নামের এক কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই আপন চাচা। গতকাল রবিবার বেলা ৩টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চাচা শাহাদত্ হোসেনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল রহমত ইকবাল অর্নাস কলেজের এইচএসসির মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। আটক শাহাদত্ হোসেন মৃত মসলেম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেশমি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পরবর্তীতে তদন্ত করে ঘটনার রহস্য বের করা হবে।
