জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬

সারাদেশের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে যাচ্ছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হবে এবং এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। 

এ বছর সারা দেশের মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। নীতিমালা অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কোটা বজায় রেখে এই বৃত্তি বণ্টন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার প্রায় দুই মাস পর আজ মেধাবীদের এই তালিকা প্রকাশ করা হচ্ছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে যারা ট্যালেন্টপুল বৃত্তি পাবে এবং যারা সাধারণ কোটায় বৃত্তি পাবে, তাদের বিস্তারিত তালিকা আজ বিকেলের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যাবে।

পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে সহজেই তাদের ফলাফল জানতে পারবে। অনলাইনে ফলাফল দেখতে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট (dpe.gov.bd) প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর এবং পরীক্ষার সাল ২০২৬ ইনপুট দিলেই ফলাফল দেখা যাবে। প্রযুক্তিগত এই সুবিধার ফলে শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যেই তাদের অর্জিত মান যাচাই করার সুযোগ পাবে।

এ ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল পেতে মেসেজ অপশনে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। 

ফিরতি মেসেজে শিক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ বছরের ফলাফলে বোর্ডভিত্তিক এবং উপজেলা পর্যায়ে ভারসাম্য রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের অভিনন্দন জানাবেন এবং পরবর্তী নির্দেশনাসমূহ প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/টিএইচ