নাগেশ্বরীতে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারপিটে জহুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শিবনাথেরবস ঝাঁকুয়াবাড়ী গ্রামে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, গত আট বছর আগে ভিতরবন্দ ইউনিয়নের উড্ডামারী চড়ুয়াটারী গ্রামের জহুর আলীর মেয়ে মহসিনা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী কালীগঞ্জ ইউনিয়নের শিবনাথেরবস ঝাঁকুয়াবাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে মমিনুর রহমানের। বিয়ের পর থেকে মহসিনাকে তার স্বামীর বাড়ির লোকজন বিভিন্ন সময় সাংসারিক সামান্য বিষয়ে নির্যাতন করে আসছিল। গত দুই মাস আগে স্ত্রীকে বাড়িতে রেখে কাজের সন্ধানে ঢাকা যায় মমিনুর রহমান। এ সুযোগে শনিবার সকাল ৯টায় তারা আবারও মহসিনাকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে তার বাবা জহুর আলী সন্ধ্যায় মেয়েকে নিতে সেখানে গেলে তাকেও তারা মারপিট করে। এতে তিনি গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় বাড়ি যাবার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মহসিনা বেগম বাদী হয়ে ঐদিন রাতে মনসা মিয়ার ছেলে মোকছেদ আলী, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে ওসমান গণি, মেয়ে আয়শা খাতুন, মেয়াজ্জেন আলীর স্ত্রী জোসনা বেগম, ছেলে আজিজুল হকের নামে নাগেশ্বরী থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাগেশ্বরী থানার তদন্ত ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
