ছিনতাইয়ের অভিযোগে ইনডিপেনডেন্ট ভার্সিটির ছাত্রসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২২:১৩

রাজশাহী মহানগরীতে দিনে দুপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নূর হোসেন শান্ত  ও রাজশাহীর হেতেমখাঁ এলাকার বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ট্রেডের তৃতীয় সেমিস্টারের ছাত্র কাফি রহমান ।

পুলিশ জানায়, শান্ত মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলার খাইরুল ইসলামের ছেলে এবং কাফি মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী আমবাগান এলাকার আনিছুর রহমানের ছেলে। গত শনিবার দুপুরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে ছাব্বির রহমান নামে এক শিক্ষার্থী নগরীর মণ্ডলের মোড় থেকে এমআর ছাত্রাবাসে যাচ্ছিল। এ সময় পথে দুই যুবক হঠাত্ এসে তার গলায় চাকু ঠেকিয়ে মানিব্যাগসহ ২ হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থানায় অভিযোগ করলে পুলিশ রাতে অভিযান চালিয়ে শান্ত ও কাফিকে আটক করে। গতকাল রবিবার এ বিষয়ে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ছাব্বির।