ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুদকের অভিযান

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:০৫

মশা মারার ওষুধ আমদানি ও ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রবিবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে গিয়ে দুদক টিম ডিএনসিসির গত ৪ বছরে কী পরিমাণ ওষুধ কেনা হয়েছে, ঐসব ওষুধ কোন দেশ থেকে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কিনেছে তার নথিপত্র সংগ্রহ করেছে। এসব নথিপত্র পর্যালোচনা করে দেখা হবে বলে দুদকের অভিযানকারী টিম জানিয়েছে।

দুদক সূত্র জানায়, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ আসে যে, সিটি করপোরেশনের একটি সংঘবদ্ধ চক্র সিন্ডিকেট করে এডিস মশা নিয়ন্ত্রণে অকার্যকর ওষুধ আমদানি করেছে। অভিযানে দুদক টিম জানতে পারে, গত চার বছর ‘দি লিমিট এগ্রো প্রোডাক্টস লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান থেকেই এককভাবে ইনসেক্টিসাইড সরবরাহ করা হয়।

এ বছর জানুয়ারি থেকে ‘নিকোন লিমিটেড’ নামক প্রতিষ্ঠানকে ওষুধ বিক্রয়ের কার্যাদেশ প্রদান করা হয়। দুদক টিম ২০১৫-২০১৯ সালের কার্যাদেশ প্রদান সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে এবং এ ক্রয় প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে কি-না তা কমিশনের প্রতিবেদনে উপস্থাপন করবে। অভিযানে গিয়ে দুদক টিম ২০১৯-২০ অর্থবছরে মশা নিধনের ওষুধ ক্রয়ের জন্য এডিস মশার ওপর পরীক্ষা সম্পন্ন করার জন্য পরামর্শ প্রদান করেছে।