সাতক্ষীরার তালা উপজেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান। এতে দুর্ঘটনাকবলিত গাড়ির চালক মো. ইশার আলী (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইশার আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। তাছাড়া আহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো. আমিনুল ইসলাম। তারা সবাই খাদে পড়া ইঞ্জিনভ্যানটির যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ব্যক্তিরা ওই ইঞ্জিনভ্যানে তিনটি গরু নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানের পেছনের চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। এতে এটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন ও আহত হন বাকিরা। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পাটকেলঘাটা ক্লিনিকে ও সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া নেওয়া হয়।
পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
