শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে সুলতানা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, দুই বছর আগে বালিয়াপাড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে সুলতানার সঙ্গে একই গ্রামের সামছু মিয়ার ছেলে সোহেলের বিয়ে হয়। গত দুই-তিন মাস যাবত্ তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।
গত শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে সুলতানা ঐদিন সন্ধ্যায় খালি বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। স্বজনরা পরে সুলতানাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে ভুলতা আল-রাফি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানা পুলিশ লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ওসি মো. নজরুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিদেশি নাগরিকের ডাকাতি হওয়া মোবাইল
ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ
আড়াইহাজারে এক বিদেশি নাগরিকের ডাকাতি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। গতকাল রবিবার সকালে থানায় শ্রীলঙ্কার নাগরিক চামিলা লিয়াংগুর হাতে মোবাইল ফোন দুটি তুলে দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, চামিলা লিয়াংগু একটি মাইক্রোবাসযোগে ঢাকা থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন। তাদের গাড়িটি আড়াইহাজারের ছনপাড়ায় পৌঁছলে এক দল ডাকাত তার কাছ থেকে দুটি মোবাইল, একটি মানিব্যাগ ও কিছু ইউএস ডলার নিয়ে যায়। পরদিন এই ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা হয়। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে বিদেশি নাগরিকের ব্যবহূত মোবাইল ফোন দুটি উদ্ধার করে।
