ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিত্সার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে বিএনপি। গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, আমরা প্রস্তাব রাখছি সরকার ডেঙ্গু চিকিত্সায় প্রয়োজনীয় ভর্তুকি দেবে এবং জনগণের জন্য বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা নেবে। ডেঙ্গু রোগীর ব্যাপকতার কারণে হাসপাতালগুলোয় স্থান সংকুলান না হওয়ায় মহানগরীর কমিউনিটি সেন্টারগুলোকে চিকিত্সার কাজে ব্যবহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।
বৈঠকে মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘প্যারোলে মুক্তির সংবাদ সঠিক নয়’
কয়েকটি গণমাধ্যমে খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সৌদি আরব যাচ্ছেন—এই রকম সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না, কিছুই জানি না। আমরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করিনি, কোথাও কোনো চিঠিও দেয়নি, আমরা কোথাও কোনো কথাও বলিনি। সুতরাং এটার প্রশ্নই উঠতে পারে না। বিএনপি মহাসচিব জানান, ঈদের পর খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো বেগবান করার জন্য বিভাগীয় সমাবেশগুলো দ্রুত শুরু করা হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা জানি দুর্নীতির কারণে নির্বাচন কমিশনের স্মার্ট কার্ডের নির্মাতা প্রতিষ্ঠান টাইগার আইটিকে কালো তালিকাভুক্ত করেছে বিশ্বব্যাংক। এই বিষয়টা জাতির কাছে একেবারে অস্পষ্ট। আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছ থেকে এর পূর্ণ ব্যাখ্যা দাবি করছি।
