ইরান আরো একটি বিদেশি তেলের ট্যাংকার আটক করেছে। ট্যাংকারে অবস্থানরত সাত নাবিককেও আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া রেভ্যুলিউশনারি গার্ডের এক কমান্ডারকে উদ্ধৃত করে বলা হচ্ছে, তাদের নৌবাহিনী পারস্য উপসাগর থেকে ট্যাংকারটি আটক করেছে। অভিযোগ আছে, ঐ ট্যাংকারে কিছু আরব দেশে তেল পাচার করা হচ্ছিল। খবর বিবিসির
সংবাদ মাধ্যমটি বলেছে, ট্যাংকারটিতে ৭ লাখ লিটার জ্বালানি ছিল। তবে ট্যাংকারটি কোন দেশের এবং নাবিকরা কোন দেশের নাগরিক সেসব বিষয়ে কিছু বলা হয়নি। ইরানি বার্তা সংস্থা জানায়, উপসাগরীয় ফারসি দ্বীপের কাছ থেকে ট্যাংকারটি আটক করা হয় বুধবার। তারপর এটিকে বুশেহের বন্দরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা এমন সময়ে ঘটল যখন ইরান ও ব্রিটেনের দুটো ট্যাংকার একে অপরের হাতে আটক হওয়ার পর এ নিয়ে উত্তেজনা চলছে। এর আগে ১৩ জুলাই ইরানের রেভ্যুলিউশনারি গার্ড হরমুজ প্রণালি থেকে একটি ব্রিটিশ ট্যাংকার আটক করে। এরও আগে জিব্রাল্টারের কাছে ইরানি একটি ট্যাংকার আটক করে ব্রিটেন।
