পারফরম্যান্সই নাহিদের মূল লক্ষ্য

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪

পাকিস্তান সুপার লিগের একাদশ আসর শুরু হবে আগামী মাসে। এবারের আসরে বাংলাদেশ থেকে খেলবেন চার ক্রিকেটার। তাদের একজন তরুণ পেসার নাহিদ রানা। গত আসরের মতো এবারও তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। গত মৌসুমে পেশোয়ারের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ। ফলে এখনো পিএসএলে তার অভিষেক হয়নি। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে গেলে এরপর আর পাকিস্তানে যাননি তিনি। তবু আস্থা হারায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তাকে দলে নিয়েছে পেশোয়ার।

নিলামে দ্বিতীয় ডাকে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম অর্থে তাকে পায় দলটি। যদিও দ্বিতীয় ডাকে নেওয়া হয়েছে, নিলামের আগেই তার সঙ্গে যোগাযোগ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, ড্রাফটের আগে পেশোয়ার জালমি যোগাযোগ করেছিল। ম্যাচ খেলানো বা না খেলানো তার হাতে নেই। তার হাতে আছে পারফরম্যান্স এবং উন্নতির চেষ্টা। সেটাই তিনি করে যাচ্ছেন। 

নাহিদের পাশাপাশি এবারের পিএসএলে খেলবেন আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন। মোস্তাফিজকে নিয়ে নাহিদ বলেন, যখনই একসঙ্গে খেলা হয়, ক্রিকেট নিয়েই আলোচনা হয়। বিশেষ করে কীভাবে একুরেসি আরও উন্নত করা যায়, সেটাই আলোচনার মূল বিষয়। 

লাল বলের ক্রিকেট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল নাহিদের। কয়েকটি টেস্ট ম্যাচে বল হাতে দলকে জিতিয়েছেন তিনি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত হতে পারেননি। সাদা বলের দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে নাহিদের অবস্থান পরিষ্কার। সুযোগ পেলে দলকে জেতানোর চেষ্টা করবেন। 

গতকাল দক্ষিণাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলকে জেতানো ম্যাচে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। তার ভাষায়, পরিকল্পনা থাকে নিজের এবং অধিনায়কের। দল যা চায়, সেটাই প্রয়োগের চেষ্টা করেন। দলকে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

ইত্তেফাক/জেডএইচ