২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এশিয়া কাপেরও শিরোপা জেতে ভারত। তবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা এখনও অনিশ্চিত সূর্যকুমার যাদবের দলের। এমন অবস্থায় ভারতের প্রধান কোচ গৌত্তম গম্ভীরকে সতর্ক করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হারমিসন।
রোববার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচে জয় পেলে, তবে শেষ চারের টিকিট পেতে পারে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার কাছে উইন্ডিজ বাজেভাবে হারলেও টি-টোয়েন্টিতে নিজেদের দিনে কতটা ভয়ংকর ক্যারিবীয়রা, সেটা সবারই জানা।

হার্মিসনের মতে ভারত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক পেসার বলেন, ‘গম্ভীরকে পছন্দ করা একটু কঠিন। সে অত্যন্ত বদমেজাজি। কিন্তু ড্রেসিংরুমে তার আচরণ কেমন, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। একজন ভারতীয় কোচ হিসেবে আপনার যদি ইগো কম থাকে, সফল হওয়ার সম্ভাবনা বেশি। এই বিশ্বকাপ জিততে না পারলে তাকে বিদায় নিতে হবে। তবে তার কোচিং করানোর ধরনের জন্য আমি তাকে প্রশংসাও করি। খেলোয়াড় হিসেবেও সে ছিল জেদি এবং একরোখা।’
গম্ভীর ভারতের বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছেন মরনে মরকেলকে। রায়ান টেন ডাসকাট হয়েছেন সহকারী কোচ। সেটার সুফল দারুণ পাচ্ছেন গম্ভীর। হারমিসন বলেন, ‘সে কোচিং স্টাফে ভারতের কিংবদন্তিদের না নিয়ে বরং মরনে মরকেল এবং রায়ান টেন ডেসকাটকে বেছে নিয়েছে। তাদের দল পরিচালনার জন্য সেরা কোচ মনে করেছে গম্ভীর। সে যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের প্রতি সে অনুগত। আমি তার এই গুণকে শ্রদ্ধা করি।’
সাবেক এই ইংলিশ পেসার আরও বলেন, ‘তবে একজন ভালো কোচের বৈশিষ্ট্য হলো নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধন করা। এ ছাড়া একজন ভালো কোচ আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে এই পদ্ধতি কাজ করছে না এবং এখানে পরিবর্তন করা দরকার। আমার মনে হয় এই জায়গাটায় গম্ভীর তেমন একটা দৃঢ় নয়।’
