অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি দায়ের করেন। অপরদিকে সম্পদের হিসাব জমা না দেওয়ার দায়ে গতকাল এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ দায়ের করা এ মামলার বাদীও দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।
দুদক জানায়, সিলেট পাসপোর্ট অধিদপ্তরের হিসাবরক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৮০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা মূলত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। তাই দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
অন্যদিকে সম্পদের হিসাব জমা না দেওয়ার দায়ে মো. সেলিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করেছে দুদক। সেলিম রেজার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে। দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে নারায়ণগঞ্জের বাসিন্দা মো. সেলিম রেজার নামে দেড় কোটি টাকার জমি, দোতলা বাড়ি, একটি গাড়িসহ আরো সম্পদের তথ্য পাওয়া যায়। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
