দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের হাটশ্যামগঞ্জ ডাকঘরের চারপাশ দীর্ঘদিন ধরে আবর্জনা ও দুর্গন্ধে ভরে থাকায় স্থানীয়রা নাকাল হয়ে পড়েছেন। সরকারি স্থাপনার অস্বাস্থ্যকর পরিবেশে পথচারী, বয়স্ক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ডাকঘরের সামনে ও পেছনে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ও পোড়া আবর্জনা দীর্ঘদিন ধরে জমে আছে। এতে দুর্গন্ধে পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। বাড়ি-ঘর, ডাকঘরের ভবন ও আশপাশে ছড়িয়ে থাকা কালো ছাই এবং কুকুরের বিচরণ এলাকার সেবাগ্রহীতাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় সচেতনরা জানান, ইতিপূর্বেও তারা একাধিকবার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এছাড়া সংবাদমাধ্যমেও বিষয়টি উঠে এসেছে, কিন্তু এখনও কার্যকর ব্যবস্থা হয়নি।
৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ডাকঘরের চারপাশে ময়লা জমে থাকা অত্যন্ত দুঃখজনক। ডাকবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান ও নিয়মিত অপসারণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডাক বিভাগ দিনাজপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রশিদুল হাসান জানান, বিষয়টি তাদের জানা রয়েছে এবং ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, ভবনটির চারপাশ পরিষ্কার করার পাশাপাশি মাটি ভরাট করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এছাড়া সরকারি স্থাপনার সুরক্ষা ও পরিচ্ছন্নতায় স্থানীয় জনগণও দায়িত্বশীল হতে হবে।
