আড়াইহাজারে সিএনজি-বাস সংঘর্ষে শিশু নিহত, আহত ২

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা-এ সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তাসফিয়া গুরুতর আহত হয়। স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আবুল হোসেন ও নাসিমা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইত্তেফাক/এএইচপি