চট্টগ্রামে আবুল খায়ের স্টিল মিলে ডাকাতের হামলা, মামলা দায়ের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিমিটেডে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল লুটতরাজের উদ্দেশ্য এই হামলা চালায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ডাকাত দল শিল্প প্রতিষ্ঠানটির যানবাহনসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে।  প্রতিষ্ঠানটির কর্মকর্তাকর্মচারিরা জানান, সীতাকুণ্ড থানাধীন আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিমিটেডের দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জনের একটি ডাকাত দল লুটতরাজের উদ্দেশে আক্রমণ করে। কারখানার সিকিউরিটি, আনসার ও কর্মচারীরা মিলে তাদেরকে প্রতিহত করে।

পরবর্তীতে ডাকাত দলটি রেললাইনের দিকে চলে যায় এবং রেললাইন থেকে পাথর নিক্ষেপ করে কারখানার প্রধান ফটকে আক্রমণ করে এবং সিকিউরিটি গেট, অফিস রুম এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে কারখানার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে। পরে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ৩/৪ জন কর্মচারী আহত হয়েছে। 

এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলায় ডাকাত দলের সদস্য হিসাবে মো. রাজিব, মো. রাজু, মান্না, রবিউল হোসেন, মো. বাছা মিয়া, মো. ইমন-১. সুমন, ইমন-২, রাকিব, মো. ফারুকসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জন ব্যক্তি অংশ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাদী হয়ে মামলাটি দায়ের করেন মো. আলাউদ্দিন।

ইত্তেফাক/এসএএস