গুরুদাসপুরে পুলিশের সামনে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯:৩৬

নাটোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে এক হাট ইজারাদারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান (রাজা) গ্রেপ্তার হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গুরুদাসপুর উপজেলার তুলাধুনা বাজার থেকে তাকে আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানায় ওসির উপস্থিতিতে হাট ইজারাদার ওবায়দুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন রাকিবুর রহমান। টাকা না দিলে ইজারাদারের হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। এ সময় ওসি তাকে রমজান মাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। ঘটনাটি স্থানীয় এক সাংবাদিক ফেসবুকে লাইভ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরদিন শুক্রবার রাতে ওবায়দুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার সকালে রাকিবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় জেলা যুবদল।

একই দিন সন্ধ্যায় ওবায়দুল ইসলাম বাদী হয়ে রাকিবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভুক্তভোগী শুরুতে মামলা করতে অনাগ্রহী থাকায় কিছুটা দেরি হয়েছে। তবে মামলা দায়েরের পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাকিবুর রহমান গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারা পেতে দরপত্র জমা দিয়েছিলেন। তবে সর্বোচ্চ দরদাতা হওয়ায় ইজারা পান ওবায়দুল ইসলাম, যিনি গুরুদাসপুর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সহসভাপতি।

ইত্তেফাক/এমএএম