যুদ্ধের কারণে ভারতে আটকা জিম্বাবুয়ে ক্রিকেট দল 

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৪:৪৫

ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার (১ মার্চ) দিল্লিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিকান্দার রাজার দল। এরপর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাদের। তবে মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না জিম্বাবুয়ের ক্রিকেটারদের। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি অথবা বিকল্প ব্যবস্থা হওয়ার আগপর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 

Blessing Muzarabani arrives at the Wankhede, Zimbabwe vs West Indies, Men's T20 World Cup, Mumbai, February 23, 2026

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ছে ইরান। এতে বন্ধ হয়ে গেছে আকাশপথ। ভারত-শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে যার প্রথম ভুক্তভোগী জিম্বাবুয়ে। 

ক্রিকইনফো জানিয়েছে, দলের সদস্যরা ধাপে ধাপে দেশে ফেরার কথা, যার মধ্যে একটি অংশ সোমবার ভোর সাড়ে চারটায় এবং অন্যরা দিনের পরবর্তী সময়ে রওনা হওয়ার কথা ছিল।

জিম্বাবুয়ে দলের খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যদের জন্য এমিরেটসের ফ্লাইটে বুকিং করা ছিল। এই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা। এখন আকাশপথ বন্ধ থাকায় অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তবে জিম্বাবুয়ে দল ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই অবস্থান করবে।

রোববার (১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে জিম্বাবুয়ে দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কি না, জানতে চাইলে কোচ জাস্টিন সিমনস বলেন, ‘না, আমি এমন কিছু শুনিনি। খেলা শুরু হওয়ার সময়ও কিছু ছিল না। এরপর খেলায় মনোযোগী ছিলাম, আর কিছু শুনিনি।’

ইত্তেফাক/জেডএইচ