সরকারি জলাশয় নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৬

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৭:৪৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের (তিনবিঘা খাস পুকুর) দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৬ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে পুকুরে জাল টেনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার্ড করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি। মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী নিহত দুইজন বিএনপির সমর্থক বলে দাবি করেছেন।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

ইত্তেফাক/এপি