বিসিএলের ফাইনাল আজ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭

রাজশাহী ও বগুড়াতে চার দল নিয়ে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ১২তম আসরের ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে আজ। ম্যাচটি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে। বিকাল ৫টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা ২৫ পর্যন্ত ৪০ মিনিট থাকবে ইনিংস ব্রেক। যেখানে শিরোপার লড়াইয়ে লড়বে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

ফাইনালকে সামনে রেখে গতকাল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে লড়াই করেছে দুই দলের খেলোয়াড়রা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দিনের আলোতে অনুষ্ঠিত হলেও আজ হবে ডে-নাইট ম্যাচ। 

এর আগে লিগ ম্যাচে প্রতিটা দল খেলেছে তিনটি করে ম্যাচ। টুর্নামেন্টে দুটি করে ম্যাচ জিতে ফাইনালে উঠেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। একটি করে ম্যাচ জিতে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল।

ফাইনাল ম্যাচের আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন দক্ষিণাঞ্চলের কোচ তারেক আজিজ খান। মিরপুরের উইকেটেও বড় রান হবে, এই বিষয়ে আশাবাদী তিনি। বলেন, 'বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি, আমরা ভালো উইকেট পাব। বড় রান করার যে অভ্যাস বা ফ্লাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুই ভাবেই রপ্ত করার সুযোগ পাবে।'

ইত্তেফাক/জেডএইচ