৫০ লাখ রুপি জরিমানা পাকিস্তানের ক্রিকেটারদের, আফ্রিদি বলছেন কম হয়েছে 

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:৩১

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেমিফাইনালের আগেই বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। এমনটাই দাবি করেছে দেশটির বেশ কিছু সংবাদমাধ্যম। 

যদিও বিষয়টি নিয়ে এখনো পিসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ক্রিকেটারদের এই শাস্তিতে সন্তুষ্ট নন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শাস্তি আরও বেশি না হওয়ায় পিসিবির সমালোচনা করেছেন তিনি।

Pakistan players in a huddle, Pakistan vs USA, Men's T20 World Cup, Colombo, February 10, 2026

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছিল ভারতের কাছে। আর সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বাদ পড়ে সালমান আগার দল। 

সামা টিভির সঙ্গে আলাপকালে আফ্রিদি জরিমানার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি বোঝা সত্যিই কঠিন। এটি একটি সংকীর্ণমনা চিন্তাভাবনা। ৫০ লাখ রুপি খুবই সামান্য পরিমাণ অর্থ। এই টাকা দিয়ে কী হবে? এটি তো শাস্তির মতো শোনায় না।’

Babar Azam is bowled, India vs Pakistan, Men's T20 World Cup, Colombo, February 15, 2026

টাকা জরিমানা না করে বরং যারা পারফর্ম করতে পারেননি, তাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরত পাঠানো উচিত বলে মনে করে আফ্রিদি। তিনি বলেন, ‘এমন কিছু খেলোয়াড় আছে যাদের অন্তত দুই বছর জাতীয় দলের ধারেকাছেও রাখা উচিত নয়।’

ইত্তেফাক/জেডএইচ