মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে আঞ্চলিক আকাশপথে অস্থিরতার প্রেক্ষাপটে মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০ টা) পর্যন্ত করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের নির্দিষ্ট কিছু রুট সেগমেন্ট ‘অপারেশনাল কারণে’ বন্ধ থাকবে।
এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে মধ্যপ্রাচ্যের গন্তব্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে ইতোমধ্যে অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস ফ্লাইট স্থগিত বা সময়সূচি পরিবর্তন করেছে। এর প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে অসংখ্য যাত্রী আটকা পড়েছেন।
