মালয়েশিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলাদেশি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২০:২৪

মালয়েশিয়ার ক্লাং এলাকায় মানবপাচার চক্রের মূল হোতাসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারকৃতরা ৩৪ থেকে ৪০ বছরের মধ্যে।

মঙ্গলবার (৩ মার্চ) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তে জানা যায়, চক্রটি মূলত দেশটির পূর্ব উপকূলীয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় আনতো। গ্রেফতারকৃত ৪০ বছর বয়সি মূল হোতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন। অন্য তিনজন এজেন্ট, পরিবহনকারী ও আস্তানার রক্ষক হিসেবে কাজ করত।

চক্রটি বাংলাদেশি অভিবাসীদের প্রথমে ওয়ার্কশপে সাময়িকভাবে লুকিয়ে রাখত। ওই ওয়ার্কশপটিকে তারা ‘সেফহাউস’ আস্তানা হিসেবে ব্যবহার করতো। পরে তাদের বিভিন্ন শ্রম নিবিড় কাজে নিয়োজিত করে শোষণ করা হতো। 

অভিযান চলাকালীন আস্তানাটি থেকে আরও তিন জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের মালয়েশিয়ায় প্রবেশের কোনো বৈধ নথি নেই।

বর্তমানে গ্রেপ্তারকৃত সাতজনকেই ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মানব পাচার বিরোধী আইন ২০০৭’ এবং ‘ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩’ অনুযায়ী কঠোর তদন্ত শুরু হয়েছে।

ইত্তেফাক/এসজেএস