বাংলাদেশ ব্যাংকের কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ, সুদহার কমানোর সভা স্থগিত

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৯:১৬

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার কমানোর উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে বুধবার (৪ মার্চ) নীতি সুদহার পর্যালোচনায় মুদ্রানীতি কমিটির সভা আহ্বান করা হয়। বৈঠকে বর্তমান ১০ শতাংশ নীতি সুদহার শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্ট কমানোর প্রস্তাব ছিল, যাতে ঋণের সুদহার কমে আসে। তবে শেষ পর্যন্ত সভাটি স্থগিত করা হয়েছে। 

এদিকে বাংলাদেশ ব্যাংক-এর মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ। তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর ভাইস চেয়ারম্যান এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর পিআরআইয়ের নির্বাহী পরিচালক ছিলেন।

সভা স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সুদহার কমানোর উদ্যোগ নিয়ে বিতর্ক এবং সাদিক আহমেদের পদত্যাগ—এই দুইয়ের মধ্যে সম্পর্ক থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি সাত সদস্যবিশিষ্ট। এর চেয়ারম্যান গভর্নর মোস্তাকুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

এ কে এনামুল হক গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেলে তাদের জানানো হয় যে নির্ধারিত সভা হচ্ছে না, ঈদের পর এটি অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে সাদিক আহমেদ কমিটিতে আর থাকছেন না বলে নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম