পুলিশের লুট হওয়া পিস্তল দিয়ে ইন্সপেক্টরকে গুলি করা হয়: ডিএমপি

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৯:৩৮

রাজধানীর স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়, সেটি গত ৫ আগস্ট একটি থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) এবং সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও রিভলভারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালাচ্ছিল। এ সময় ৩-৪ জন দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা পালিয়ে গেলে ওয়ারী থানা-তে মামলা করা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলভার, চার রাউন্ড তাজা গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিসান, পিয়াস ও সায়েমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

ডিসি সামি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা সেখানে মাদক সেবনের উদ্দেশ্যে গিয়েছিলেন। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে।

অভিযানে মোট দুটি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে ওয়ারী এলাকায় বিভিন্ন অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

 
ইত্তেফাক/এমএএম