লালমনিরহাটে মাটি খুঁড়ে মিলল ৫৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১:৩৬

লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে মাটি খুঁড়ে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে অভিযান চালানো হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব-১৩) রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি বোয়ালমারী গ্রামের বাসিন্দা মো. আশাদুল হক (৪৬)। তার পিতার নাম মো. লালচান মিয়া এবং মায়ের নাম আছফুল বেগম।

অভিযানের সময় আশাদুল হকের দেখানো মতে তার বাড়ির পাশের ফসলি জমিতে বিশেষ কৌশলে মাটির নিচে লুকিয়ে রাখা ৫৭ দশমিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তিনি। মাদক পরিবহন ও সংরক্ষণে নানা কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এএস/এএম