এই সময়ের ছড়া

বৃষ্টির গান

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:১৩

 

ঝিরঝির! ঝিরঝির!

মিঠে সুরে বৃষ্টির

দোলা লাগে শিরশির শস্যের খেতে!

হাতে কোনো কাজ নাই

শুনি সেই বাজনাই

গানে ওঠে আজ তাই মন ফের মেতে।

 

চুপচাপ বসে দেখি জানলার কোণে

টুপটাপ জল ঝরে ঝাউয়ের বনে!

ঝরঝর ঝরঝর

শুনে সেই মন্তর

জলে দিঘি ভরভর হাওয়া শনশনে।

নারকেল-তাল শাখা

স্বপ্নের মায়া মাখা

মনে হয় যেন আঁকা শুধু মেঘে মেঘে

শাল-পিয়ালের বন

কী  আবেগে উন্মন

জেগে ওঠে আজ কোন হিন্দোল লেগে!

বৃষ্টির নূপুরে কে মিঠে সুর তোলে?

নীলাকাশ ঘিরে কার নীলাচল দোলে?

বনে বনে কে চপল?

সবুজের আনে দোল

বনানীর ভরে কোল কে আঁচল পেতে?

ঝিরঝির, ঝিরঝির

শুনি তারই মঞ্জির

মিঠে সুরে বৃষ্টির ঐ ধানখেতে।

চুপচাপ শুনি আজ তাই কান পেতে।