স্কুলের প্রধান শিক্ষকের ওপর দারোয়ানের হামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:৪৩

রাজধানীর আদাবর থানার রিং রোডে অবস্থিত বেগম নুরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের ওপর হামলার অভিযোগে দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকেলে স্কুলের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষকেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে আদাবর থানা পুলিশ অভিযুক্ত দারোয়ানকে আটক করে।

প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, বিদ্যালয়ের ৩ কাঠা জমিতে দীর্ঘদিন ধরে ধলু শিকদার অনুমতি ছাড়া টিনশেড বাড়ি করে বসবাস করছিলেন। বিষয়টি নিয়ে ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি জায়গা ছাড়েননি। ২০২০ সালে তৎকালীন ম্যানেজিং কমিটি পুনরায় লিখিত নোটিশ প্রদান করে।

তিনি আরও জানান, ২০২৪ সালের পর বিদ্যালয়ের ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের জন্য জায়গা খালি রাখতে হবে। গত ৩ ফেব্রুয়ারি শিক্ষক সভার মাধ্যমে ধলু শিকদারকে এক মাসের সময় দেওয়া হয়েছিল জায়গা ছাড়ার জন্য। নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

ঘটনার দিন, শিক্ষক সভা শেষে তিনি বের হওয়ার সময় ধলু শিকদার ও তার স্ত্রী পারভীন তাকে কিলঘুষি মারতে শুরু করেন। পাশাপাশি তাদের মেয়ে তানজিলা আক্তারও পেছন থেকে আক্রমণ করেন। এই ঘটনায় প্রধান শিক্ষক থানায় মামলা দায়ের করেছেন, যেখানে ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আসামী করা হয়েছে। এর মধ্যে দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি