কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:১৪

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক শ্রমিক। সোমবার বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্নাউরী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মো. হাফিজুর রহমান (৩৫) ও মো. মাসুদ মিয়া (২৮)। দুই জনের বাড়িই ধনবাড়ী উপজেলায়।

জানা যায়, নিহত দুই শ্রমিকসহ বেশ কয়েকজন শ্রমিক একটি গরুর ফার্মে কাজ করতেন। ঐ ফার্মের পাশে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পরে ছিল। সোমবার দুপুরে ছেড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনজন শ্রমিক। তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপর শ্রমিক হীরা মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

ইত্তেফাক/জেডএইচ