বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারালেন রশিদ খান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২০:১২

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে সরিয়ে ওপেনার ইব্রাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে। 

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। তবে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি অনিশ্চিত। ১৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের শারজায়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা ও এর জেরে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আক্রান্ত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার মধ্যে একটি। পরিস্থিতির উন্নতি না হলে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। 

আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান

রশিদ খানের নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। সেটা স্মরণ করে এসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘এসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ আমাদের টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তনের এই সুচিন্তিত সিদ্ধান্তটি গ্রহণ করেছি।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এসিবি বর্তমান আঞ্চলিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারিখ ও ভেন্যু—উভয় দিক থেকেই সিরিজটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করছে।’

Afghanistan line up for the anthem, Afghanistan vs Canada, Men's T20 World Cup, Chennai, February 19, 2026

সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টিই হবে শারজায়। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হবে দুবাইয়ে। 

ইত্তেফাক/জেডএইচ