ডিমেরিট পয়েন্ট পেলেন সাইনি

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪১

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই অতি আক্রমণাত্মক আচরণের কারণে আইসিসির সতর্কবার্তা পেলেন আইসিসির তরুণ ফাস্ট বোলার নবদ্বীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফ্লোরিডায় ১৭ রান দিয়ে তিন উইকেট নিলেও আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। আর তারই খেসারত হিসেবে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা তার নামের পাশে যোগ করেছে একটি ডিমেরিট পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে উইকেট পাওয়ার পর নিকোলাস পুরানের দিকে তেড়ে গিয়েছিলেন ২৬ বছর বয়সি এই পেসার। এটা আইসিসির আচরণ বিধির ২.৫ ধারাকে সমর্থন করে না। যদিও, ম্যাচ রেফারি জেফ ক্রোর সামনে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি তার। দ্বিতীয় ম্যাচে সাইনি তিন ওভার বোলিং করলেও ছিলেন উইকেটহীন।