স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ক্রিকেট থেকে মিকি আর্থারের বিদায়ের মঞ্চটা প্রস্তুতই হয়ে রয়েছে। এমনকি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কোচ হওয়ার দৌড়েও আছেন তিনি। যদিও, আর্থার নিজে অবশ্য পাকিস্তানেই থেকে যেতে চান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে তিনি আরো দু’বছর চাকরিতে বহাল থাকার জন্য আবেদনও করেছেন।
পিসিবির ক্রিকেট কমিটির সভায় বিশ্বকাপ ব্যর্থতার পর নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন আর্থার। সেখানে তিনি জানিয়েছেন, দলের ফলাফলের জন্য তাকে আরো দু’বছর বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত। পিসিবির একটি সূত্র জানিয়েছে, আর্থার নিজের কাজের সুবিধার্থে সহকারী কোচ হিসেবে পাকিস্তানের স্থানীয় কোনো কোচকে নিয়োগ দেওয়ার পক্ষে।
এটার পেছনে আর্থারের যুক্তি হলো এতে করে আর্থারের যেমন সহায়তা হবে তেমনি এ কোচের অভিজ্ঞতাও বাড়বে। ফলে, পরবর্তীতে আর্থার বিদায় নিলে সহকারী কোচের হাতেই দায়িত্ব ছেড়ে দেওয়া যেতে পারে।
যদিও, আর্থারের এ মতের সঙ্গে পিসিবির একটি পক্ষ একমত নন। বরং, বোর্ডে থাকা সাবেক এক ক্রিকেটার নাকি এরই মধ্যে নতুন কোচ হিসেবে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের নাম সুপারিশ করেছেন। যদিও, মাহেলা পাকিস্তানে আদৌ আসতে চান কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ, সম্প্রতি তিনি প্রধান কোচ হতে চেয়ে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আবেদনও করেছেন। যদিও, পিসিবি মনে করে যোগাযোগ করে হলেও মাহেলাকে কোচ হিসেবে আনার চেষ্টা করা উচিত। মূলত সংস্থাটি এমন কাউকে চাইছে যার খেলোয়াড়ী জীবনে তিন ফরম্যাটের ক্রিকেট খেলারই অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার কথা বিবেচনা করলে মাহেলাকে টপকে যাওয়ার সাধ্য বর্তমান কোচিং বিশ্বে খুব কম লোকেরই আছে।
সাবেক এ লঙ্কান অধিনায়ক ক’দিন আগেই ছেড়েছেন মাঠের ক্রিকেট। ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন কিংবদন্তি। আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি কোচ হিসেবেও বেশ সফল। নিয়োগ পাওয়ার পর থেকে দলটি তিনবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের শিরোপা জয় করেছে।
পাকিস্তান ক্রিকেটে এত আলোচনার মূলে হলো বিশ্বকাপে ব্যর্থতা। পাকিস্তান এবার শেষ চারেও পৌঁছাতে পারেনি ইংল্যান্ডের মাটিতে। পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। যদিও, রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড। অপেক্ষা এখন কেবল পিসিবির ক্রিকেট কমিটির রিপোর্টের জন্য। বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দলের জন্য কিছু সুপারিশ নির্ধারণ করে প্রতিবেদন জমা দেবে পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে।
এর ওপরই ঝুলে আছে টিম ম্যানেজমেন্টের ভাগ্য। এ প্রতিবেদনের ওপর নির্ভর করেই হয়তো কোচ, নির্বাচক ও অধিনায়কদের দায়িত্বে বহাল রাখা বা না রাখার বিষয়টা নির্ধারণ করবে পিসিবি। কমিটিতে আছেন সাবেক দুই অধিনায়ক মিসবাহ উল হক, ওয়াসিম আকরাম। আরো আছেন জাকির খান ও মুদাসসর নজর। পাকিস্তানের হাতে অবশ্য সময়ও আছে। কারণ, আসছে নভেম্বরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কোনো খেলা নেই।
