সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২২:০৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি। কথা কাটাকাটির জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি উল্ল্যাহ বলেন, ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

ইত্তেফাক/এপি