সুয়ারেজে জিতল বার্সা

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪২

গাম্পার ট্রফি

 স্পোর্টস ডেস্ক

লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের ভলিতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। বিপুলসংখ্যক দর্শকের সামনে এ খেলাটির মধ্য দিয়ে গত রবিবার রাতে ক্যাম্প ন্যুতে আন্তনিও গ্রিজমানকে অভিষেক করাল কাতালান ক্লাবটি। তবে লিওনেল মেসি মাঠে এলেও ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে মাঠে নামেননি।

সুয়ারেজ ৮৯তম মিনিটে সের্জি রবার্তোর হাওয়ায় ভাসানো বলে ভলি শটটি হাঁকান। তাতে আনন্দের বানভাসি হয় ক্যাম্প ন্যুতে হাজির থাকা ৯৯ হাজার দর্শক। দর্শকদের অমন বিপুল সংখ্যায় মাঠে আসার কারণ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বিপুল অর্থে দলে আসা গ্রিজমান ও ফ্র্যাংকি ডে জংকে দেখা।

খেলা শুরু হলে অবশ্য দেখা গেল পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের ৩৬তম মিনিটের গোলে এগিয়ে গেল আর্সেনাল। কিন্তু গ্যাবনের এ ফরোয়ার্ডের গোলটি ধরে রাখতে পারেনি সফরকারীরা। সে জন্য দায়ী আর্সেনালই। কেননা ৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার অ্যাইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। সবশেষে আসে বদলি হিসেবে মাঠে আসা সুয়ারেজের গাম্পার ট্রফি জেতানো গোলটি।

এ ট্রফি হচ্ছে স্পানিশ লিগ শুরুর প্রাক্কালে বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জোয়ান গাম্পারের নামে অনুষ্ঠিত হওয়া একটা বার্ষিক প্রস্তুতি ম্যাচ। প্রতিযোগিতার এটি ৫৪তম আসর। এতে এক বছর এক দলকে নিয়ে আসে বার্সেলোনা। গেল আসরে অতিথি ছিল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। তবে ট্রফিটি জিতেছিল বার্সেলোনাই।

কোচ আর্নেস্তো ভেলভার্দে স্বভাবতই লিগ শুরুর প্রাক্কালে বার্সেলোনার জয়ে খুশি। তিনি বলেন, ‘এটা ছিল উপভোগ্য খেলা। পরিবেশ পরিস্থিতি ছিল অসাধারণ এবং সমর্থকদের সঙ্গে আবার একত্রিত হতে পারাটাও ছিল একটা সুযোগ। আমি মনে করি আমরা ভালো করেছিলাম। প্রথমার্ধে যদিও কিছুটা ছন্দহীন ছিলাম আমরা।’

কাতালান দলটির জন্য এবারের মৌসুম হতে যাচ্ছে ইউরোপীয় স্তরে সাফল্য পাওয়ার লক্ষ্যে খেলতে যাওয়া। গেল দুটি মৌসুমে তারা রোমা ও লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারেনি।

লিওনেল মেসি খেলা শুরুর আগে দর্শকদের সামনে দেওয়া বক্তব্যে সে দুটি হারের কথা উল্লেখ করেন। বিশেষ করে প্রথম লেগে সুবিধাজনক অবস্থানে থাকার পরও কীভাবে সে দুটি হার তাদের লক্ষ্যচ্যুত করেছিল। মেসি অবশ্য মাঠের লড়াইয়ে নামেননি এদিন। কিন্তু নতুনদের পরিবর্তে তার আক্রমণভাগের পুরোনো সতীর্থই জয়টি এনে দেন।