শিরোপা লড়াই এবার তীব্র হবে
স্পোর্টস ডেস্ক
ম্যানচেষ্টার সিটি কোচ পেপ গার্দিওলা মনে করছেন এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই গতবারের চাইতেও তীব্র হবে। গত মৌসুমে তার দল লিভারপুলের সঙ্গে দ্বিমুখী লড়াই শেষে লিগ শিরোপা ধরে রেখেছিল।
সিটি গত রবিবার রাতে ওয়েম্বলিতে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কমিউনিটি শিল্ড তুলে নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল। এ টুর্নামেন্টটির মধ্য দিয়েই মূলত ইংলিশ ফুটবল মৌসুম শুরু হয়।
আগামী শুক্রবার প্রিমিয়ার লিগ শুরু হবে। এতে লিভারপুল নিজেদের মাঠ অ্যানফিল্ডে নরউইচ সিটির বিরুদ্ধে খেলবে। অপরদিকে সিটি এক দিন পর নিজেদের প্রথম খেলাটির জন্য ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে যাবে। ধারণা করা হচ্ছে এবারের দল দুটি শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়বে।
কোচ গার্দিওলার দল গত মৌসুমে ৯৮ পয়েন্ট পেয়ে লিগ শিরোপা জিতেছিল। অপরদিকে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল ৯৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছিল। সিটি শেষ ১৪টি লিগের খেলায় জয়ী হয়েই শিরোপা ধরে রাখতে সক্ষম হয়। যদিও একটা সময় পর্যন্ত লিভারপুল সাত পয়েন্টে এগিয়ে থেকেও সুযোগ হাতছাড়া করে।
চেলসি, টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল ও ম্যানচেষ্টার ইউনাইটেড গেলবার শীর্ষ ছয়ে থেকে লিগ শেষ করে। গার্দিওলা মনে করেন না গেলবারের মতো দ্বিমুখী লড়াই হবে।
গার্দিওলা বরং বলেন, ‘আমি মনে করি মৌসুমের শুরুতে ছয় দলের সবকটিই শিরোপার দাবিদার। আমি জানি না এটা গেল মৌসুমের মতো হবে কি না, দুটো সত্যিকারের দাবিদার। আমি মনে করি ম্যাগুইয়ার ও অন্য খেলোয়াড়দের নিয়ে ইউনাইটেড, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যামও। আমি মনে করি এবার অনেক অনেক দাবিদার হবে।’
রাহিম স্টার্লিংয়ের গোলে শুরুতে এগিয়ে যাওয়া সিটি প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেছিল। এরপর জোয়েল ম্যাটিপ শেষদিকে সমতা ফেরান। লিভারপুল খেলাটিতে জিতেও যেতে পারত। কিন্তু সিটি গোলরক্ষক ক্লডিও ব্রাভোর কারণে পারেনি।
টাইব্রেকারে লিভারপুলের জেরদান শাকিরি বল জালে পাঠিয়ে ভালো সূচনাই দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় শট নিতে আসা জর্জিনিয়ো উইনালডামের দুর্বল কিক রুখে দেন ব্রাভো। অপরদিকে ইলকাই গুনডোয়ান ও বার্নার্দো সিলভার দুটি শট জালে গেলে ২-১ গোলে এগিয়ে যায় সিটি। এরপর লিভারপুলের অ্যাডাম লালানা, অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন ও মোহামেদ সালাহ নিজ নিজ গোল করলেও কোনো লাভ হয়নি। কেননা সিটির হয়ে ফিল ফোডেন, জিনচেঙ্কো ও গ্যাব্রিয়েল জেসুসও লক্ষ্যভেদ করলে কিছুই করার থাকে না লিভারপুলের।
উল্লেখ্য, মৌসুমের শুরুতে আগেরবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ জয়ী দলই কমিউনিটি শিল্ডে প্রতিপক্ষ হয়। কিন্তু গত মৌসুমে উভয় প্রতিযোগিতাতে সিটি চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানার্সআপ হিসেবে এ শিল্ডের লড়াইয়ে অংশগ্রহণের ডাক পায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সিটির এটি ষষ্ঠ দফায় কমিউনিটি শিল্ড জয়।
