ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।
অ্যাডমিরাল কুপার বলেন, মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের ৩০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে। তিনি আরও জানান, সাম্প্রতিক হামলার মধ্যে ইরানের একটি ড্রোনবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ওই জাহাজটি আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবাহী রণতরীর সমান। হামলার পর বর্তমানে জাহাজটিতে আগুন জ্বলছে বলেও জানান তিনি।
মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
