মৌসুমের শুরুতেই চোট পেলেন লিওনেল মেসি। গতকাল সোমবার বার্সেলোনার হয়ে অনুশীলনে নেমেই পাওয়া এ চোটের কারণে লা লিগা চ্যাম্পিয়নদের প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফর থেকেও তাকে সরে দাঁড়াতে হয়েছে। বার্সেলোনা নবপ্রবর্তিত লা লিগা-সিরি আ কাপে নেপোলির বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে গতকালই যুক্তরাষ্ট্রে গেছে। কোপা আমেরিকায় খেলার পর ছুটি থেকে এদিনই দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তিনি অবশ্য আগের দিন জোয়ান গাম্পার ট্রফিতে আর্সেনালের বিরুদ্ধে না খেললেও ক্যাম্প ন্যুতে ছিলেন। অনুশীলনের সময় তার ডান পায়ে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা করানোর পর জানা যায় তার পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়েছে। মেসিকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য জানায়নি বার্সেলোনা।
