নিশ্চিত নয় আট দলের বিপিএল

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৩

নতুন ফ্রাঞ্চাইজির জন্য সাড়া পাচ্ছে কর্তৃপক্ষ

 স্পোর্টস রিপোর্টার

হিসেব বলছে, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হতে যাচ্ছে আট দলের। গত আসরে থাকা সাত দলের মধ্যে চিটাগং ভাইকিংস চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন করে দুটি ফ্রাঞ্চাইজি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছে। সে ক্ষেত্রে আটটি দলই হওয়ার কথা। কিন্তু গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, পুরোনো ছয়টি দলই নতুন চুক্তিতে সই না করা পর্যন্ত এটা তারা বলতে পারছেন না যে, আট দলের বিপিএল হতে যাচ্ছে এ বছর। এদিকে নতুন যে দুটি ফ্রাঞ্চাইজি বিক্রি করতে চেয়েছে বিসিবি, সে ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

২০১২ সালে ছয়টি দল নিয়ে যাত্রা শুরু করেছিলো বিপিএল। পরের বছর রংপুর রাইডার্স যুক্ত দল এই তালিকায়; বিপিএলের দলসংখ্যা হয় সাতটি। তৃতীয় আসরে খুলনা অংশ নেয়নি। তাদের বদলে সেবার যুক্ত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৬ সালে চতুর্থ আসরে খুলনা ফিরলেও ছিলো না সিলেটের কোনো দল।

২০১৭ সালে সিলেট ফিরলেও বাদ পড়ে বরিশালের দলটি। এ বছরই শুরুর দিকে হয়ে যাওয়া ষষ্ঠ আসরেও বরিশালের দলটি ছিলো না। তার মানে, প্রথম আসর বাদ দিলে বিপিএলে সবসময়ই সাত দল অপরিবর্তিত থেকেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, এবার দল বাড়বে। কারণ, চিটাগং ভাইকিংস নাম প্রত্যাহার করে নিলেও বিপিএল কর্তৃপক্ষ নতুন দুটি দল বিক্রির জন্য দরপত্র চেয়েছে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী বললেন, নতুন দল দুটি বিক্রির ব্যাপার ঠিক থাকলেও পুরোনো সবার সঙ্গেই চুক্তি হবে এমন কোনো কথা নেই, ‘নতুন করে দল দুটি যুক্ত হবে, এটা সত্যি। কিন্তু তাতে আট দল নিশ্চিত হয়ে যাচ্ছে না। এটা নির্ভর করে পুরোনো বাকি ছয় দলের সঙ্গেই আমাদের নতুন করে চুক্তি হচ্ছে কি না তার ওপর। সবাই আমাদের সঙ্গে যদি চুক্তি করেন, তাহলে আট দল হতে পারে। নইলে না।’ তবে সুজন বলছেন, পুরোনো দলগুলোকে চুক্তিতে আনার ব্যাপারে তাদের আগ্রহের কোনো কমতি নেই। তিনি বলছিলেন, ‘আমরা চাই, পুরোনো সবাই এই আয়োজনের সঙ্গে থাকুন। তারা এতোদিন ধরে আছেন। আমাদের দিক থেকে তাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের যথেষ্ট আগ্রহ আছে।’

এদিকে নতুন দুটি দল বিক্রির ব্যাপারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানাচ্ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলছিলেন, দেশের বেশ নামকরা বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছেন,‘এর মধ্যে আমরা ছয়-সাতটা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছি। যারা আবেদন করেছেন, বেশিরভাগই দেশের প্রতিষ্ঠিত করপোরেট প্রতিষ্ঠান বা কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানগুলোর আগ্রহ দেখে আমরা যথেষ্ট সন্তুষ্ট।’