স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দলের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে সফরের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ এমার্জিং নারী দল। কিন্তু টি-টোয়েন্টিতে এই সাফল্যটা ধরে রাখতে পারলো না তারা। প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। রবিবার শেষ টি-টোয়েন্টিতে সুপার ওভারে গিয়ে হারে নিগার সুলতানার দল।
আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকান দলটি করেছিল ৩ উইকেটে ১৪৭ রান। জবাবে বাংলাদেশি দলটাও ৫ উইকেটে ১৪৭ রান করে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। এই এক ওভারে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল১০ রান। ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৩ বলেই ৬, ৪ ও ৪ মেরে দেন দক্ষিণ আফ্রিকান নাদিন দে ক্লার্ক।
এর আগে মূল ব্যাচের শুরুতেই আফ্রিকান ওপেনার তৃষা ছেতির উইকেট তুলে নিয়েছিলেন রিতু মনি। এরপর অধিনায়ক দে ক্লার্ক ৫৩ বলে ৮৩ রানের ইনিংস খেলে স্কোরটাকে বড়ো করেন। সাথে ব্রিটস ৩৬ বলে ৩৫ ও সিয়েরি ২২ বলে ২০ রান করেন। বাংলাদেশের হয়ে রিতু মনি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ৬৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ২৬ রান করে আউট হলেও সানজিদা ইসলাম ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিতু মনি ১৬ ও মোশতারি ১০ রান করেন। শেষ ওভারে বাংলাদেশি দলটার জয়ের জন্য দরকার ছিল ৯ রান। এই ওভারে ২ উইকেট হারালেও বাংলাদেশ ৮ রান কেবল করতে পারে।
