থাইল্যান্ডেই মেয়েদেরকন্ডিশনিং ক্যাম্প!

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৩

স্পোর্টস রিপোর্টার

মেয়েদের ফুটবলের বড়ো আসরে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। সেখানে এশিয়ার সেরা আট দেশ লড়াই করবে। যেখানে বাংলাদেশও রয়েছে। আট দেশের চূড়ান্ত পর্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে খেলবে।

ভারত স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে। আট দেশের মধ্যে বাংলাদেশ সবাইকে টপকে শীর্ষে উঠে যাবে এমন সুযোগ নেই। কারণ সব বাঘা বাঘা দল লড়াই করবে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান রয়েছে আট দেশের তালিকায়।

দুই গ্রুপে আট দল খেলবে। বাংলাদেশের গ্রুপে জাপান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ড। একটা গ্রুপ হতে যদি দুই দল সেমিফাইনালে ওঠে তাহলে সাদা চোখে ধরেই নেওয়া যায় বাংলাদেশের গ্রুপে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে।

এটা জেনেও বাংলাদেশের খেলোয়াড়দের কোনো হতাশা নেই। হতাশা নেই কোচ গোলাম রাব্বানী ছোটনেরও। বড়ো দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের মেয়েদের। সেদিকে না তাকিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিরামহীন অনুশীলন চলছে।

ছোটন আছেন সঙ্গে অস্ট্রেলিয়ান পলম্মলী রয়েছেন। যেভাবে দলটাকে ভালোভাবে গড়ে তোলা যায় তা নিয়েই তাদের সব চিন্তা। ১৫-২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে খেলা। তার আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে বিদেশের মাঠে নিয়ে ক্যাম্প করাতে চায় বাফুফে। প্রথমে পরিকল্পনা ছিল ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে সেখানে থেকে থাইল্যান্ডে ফিরবে মেয়েরা।

এখন সেটা নাও হতে পারে। জাপান বা কোরিয়ায় পাঠানো হতে পারে ফুটবল দলকে। এই দুটি দেশ থাইল্যান্ড থেকে যাওয়া আসায় সুবিধা রয়েছে। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ইংল্যান্ডে নাও যাওয়া হতে পারে। জাপান বা কোরিয়ায় যোগাযোগ করা হয়েছে। এখনো কোনো সাড়া পাইনি। আমাদের চেষ্টা আছে থাইল্যান্ডে যাওয়ার আগে কোনো জায়গায় ক্যাম্প করা।’

থাইল্যান্ডে যাওয়ার আগে কোথাও ক্যাম্প করার পরিকল্পনায় বাফুফে দেশ খুঁজছে। ইংল্যান্ড ছাড়াও জাপান কোরিয়া পছন্দের তালিকায় থাকলেও ভিয়েতনামেও যোগাযোগ করা হচ্ছে। কোথাও না হলে থাইল্যান্ডেই কন্ডিশনিং ক্যাম্প করা হবে। খেলা শুরু হওয়ার আগে হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাওয়া হবে। বাফুফে সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে ২০ দিন আগেই যেতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।  

কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, রেজিস্ট্রেশনের জন্য ৩০ জন ফুটবলারের নাম পাঠানো হয়েছে এএফসির কাছে। ২৩ জনের চূড়ান্ত দল যাবে।

দলটা চূড়ান্ত করা আছে। কিন্তু নাম প্রকাশ করতে রাজি না ছোটন। কারণ নাম প্রকাশ করলে যারা বাদ পড়েছেন তারা হতাশ হন। তবে কোচ বলেছেন, ‘চূড়ান্ত দল নিয়ে থাইল্যান্ড চলে গেলে বাকিরা ছুটিতে চলে যাবেন। ক্যাম্প বন্ধ থাকবে।’

ছোটন একটা ভালো খবর দিয়েছেন। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবলে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না আহত হয়েছিলেন। তার ডান পায়ে গুরুতর আঘাতের কারণে খেলা থেকে ছিটকে পড়েছিলেন। সেই স্বপ্না আবার মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার ডান পায়ে অস্ত্রপচার হয়েছে।

ঢাকার একটি অভিজাত হাসপাতালে সফল অস্ত্রপচারের পর এখন জিম আর সুইমিং করছেন। ডিসেম্বরে এসএ গেমস রয়েছে। ছোটন জানিয়েছেন তার আগেই স্বপ্না মাঠের অনুশীলনে নেমে যাবেন। ছোটন বলেন, ‘এই মেয়েটি দারুণ খেলে। তার গতিময় ফুটবল এবং ফুটবল জ্ঞান খুব ভালো।’