কিলিয়ান এমবাপ্পের বাম হাঁটুর চোট রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফুটবল ভক্তদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়ার কণ্ঠে শোনা গেল আশার সুর। এমবাপ্পের চোট নিয়ে সম্প্রতি নতুন তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম 'দ্য অ্যাথলেটিক'।
স্প্যানিশ সোসাইটি অব স্পোর্টস ট্রমাটোলজির সাবেক সভাপতি ও সান রাফায়েল হাসপাতালের হাঁটু বিশেষজ্ঞ হুয়ান আয়ালা এবং স্পেনের শীতকালীন অলিম্পিক দলের চিকিৎসক দিয়েগো গার্সিয়া-জার্মান এমবাপ্পের চোটের ধরন নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছেন।
হুয়ান আয়ালার মতে, এমবাপ্পের চোট যদি 'গ্রেড-ওয়ান' (লিগামেন্টে টান) বা 'গ্রেড-টু' (আংশিক ছিঁড়ে যাওয়া) হয়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, 'গ্রেড-ওয়ান ইনজুরিতে অন্তত তিন সপ্তাহ এবং গ্রেড-টু ইনজুরিতে ছয় সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। পুরোপুরি সুস্থ হওয়ার আগে মাঠে নামলে এই চোট দীর্ঘস্থায়ী হতে পারে এবং ভবিষ্যতে অস্ত্রোপচারের ঝুঁকি বাড়িয়ে দেবে।'
অন্যদিকে, দিয়েগো গার্সিয়া মনে করেন এই চোটটি সম্ভবত কম মাত্রার, যা প্রত্যাশার চেয়ে বেশি ভোগাচ্ছে। তার মতে, চোটের মাত্রা তাকে খেলা চালিয়ে যেতে বাধা না দিলেও এখন তিনি ব্যথা অনুভব করছেন। যেহেতু এটি রক্ষণশীলভাবে চিকিৎসা করা হচ্ছে, তাই সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া জরুরি।
এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে আরবেলোয়া বলেন, 'অবশ্যই, আমি এমবাপ্পের সঙ্গে প্রতিদিন কথা বলি। সবকিছু নিয়ন্ত্রণে আছে, প্রতিদিন সে আরও ভালো হচ্ছে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা তার অনুভূতির ভিত্তিতে দিন দিন এগোব। এই মুহূর্তে সবই ভালো খবর।' তিনি আরও নিশ্চিত করেন যে, এমবাপ্পের সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া ক্লাবের অধীনেই চলছে।
উল্লেখ্য, ২০২৬ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত এক-তৃতীয়াংশ ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ফরোয়ার্ড। লা লিগায় ওসাসুনা ও গেতাফের কাছে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপে আছে মাদ্রিদ। ২৬ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। শিরোপা দৌড় প্রসঙ্গে আরবেলোয়া বলেন, 'মাদ্রিদের মতো একটি দলে হার সবসময়ই মেনে নেওয়া কঠিন। চার পয়েন্টের ব্যবধান থাকলেও যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে জেতা সম্ভব, আমরা লড়াই চালিয়ে যাব।' আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

