বিনোদন ডেস্ক
২০০৮ সালের ছবি ইউ মি অউর হম-এ অজয় দেবগণ ও কাজলকে পর্দায় জুটি হিসেবে দর্শকরা শেষ দেখেছিলেন। বলিউড ছবির সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর অন্যতম ছিল কাজল-অজয় জুটি। পর্দার সেই কেমিস্ট্রি ফিরবে আবার ‘তানাজি দ্য আনসাংগ ওয়ারিয়র’ ছবিতে। আগামীবছর মুক্তি পাবে ছবিটি। অজয় দেবগণ ও কাজলের জুটি যতটা সফল ছিল ততটাই সুন্দর তাঁদের দাম্পত্য জীবন। ১৯৯৯ সালে বিয়ে করেন দু’জন। এ বছর বিয়ের ২০ বছর পূর্ণ হয়েছে। কিছুদিন আগে একটি সাক্ষাত্কারে অজয় দেবগণ বলেন যে, তাঁদের সফল দাম্পত্যের রহস্য হলো এটাই যে দু’জন একটুও বদলাননি। দু’জনই দুজনের মতো থেকেছেন। কেউ কাউকে পাল্টানোর চেষ্টা করেননি। ৫ আগস্ট কাজলের জন্মদিন ছিল। এ বছর ৪৫ বছরে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে স্ত্রীকে মজা করে একটি বার্তাও পাঠিয়েছেন অজয়। আপাতত দু’জনই ব্যস্ত তানাজি দ্য আনসাং ওয়ারিয়র নিয়ে। ১২ বছর পর দু’জন আবারো ব্যস্ত একই ছবির শুটিং নিয়ে। এই ছবিটি একটি বায়োপিক। মারাঠা যোদ্ধা তানাজি মালুসারের জীবন নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি।
এ ছবিতে অজয় দেবগণকে দেখা যাবে তানাজির চরিত্রে এবং কাজলকে দেখা যাবে তানাজির স্ত্রীর চরিত্রে।
