দেশে ফিরতে রোনালদোর চার্টার বিমান চান উইন্ডিজ ক্রিকেটার

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৩:৫০

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। এর ফলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে কয়েকটি দলের ক্রিকেটারদের। সেই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে ক্যারিবীয় দলকে দেশে ফেরাতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যদিও ঠিক কবে নাগাদ ফিরবেন তারা, সেটা এখনো অনিশ্চিত।

এসবের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসেন মজার ছলে এক্সে লিখেছেন, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন তাকে উদ্ধার করেন। কারণ, রিয়াদে ইরানের হামলার পর ব্যক্তিগত চার্টার বিমানে করে সৌদি ছেড়েছিলেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও বাস্তবে খুব শিগগিরই চার্টার ফ্লাইটে করে ক্যারিবীয় ক্রিকেটারদের ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। 

Akeal Hosein silences the Eden Gardens crowd with Abhishek Sharma's wicket, India vs West Indies, T20 World Cup Super Eight, Kolkata, March 1, 2026

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চার্টার ফ্লাইটে করে খেলোয়াড়দের দেশে ফেরানো হতে পারে। তবে চূড়ান্ত বিমান চলাচলের অনুমোদনের ওপরই বিষয়টি নির্ভর করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের বিপক্ষে শেষ ম্যাচের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।

উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক আকাশসীমায় বিধিনিষেধ তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবুও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে সুপার এইটে হারের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছে। দেশে ফিরতে না পারায় দলের প্রধান কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হতাশা প্রকাশ করে লিখেছেন, 'আমি শুধু বাড়ি যেতে চাই।'

ইত্তেফাক/জেডএইচ