মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ের বিমানবন্দরে প্রবাসী নিখোঁজ

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭:১৪

সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। রফিকুলের পরিবারের ভাষ্য, যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ৫ বছর আগে সৌদিআরবে পাড়ি জমান রফিকুল। সেখানে তিনি আল কাছিম শহরে ‘মিনিস্টার বলোদিয়া কোম্পানির’ আওতায় গ্যারেজে কাজ করতেন। পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটি নিয় গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদিআরবের আলকাছিম বিমানবন্দর থেকে ‘এয়ারএরাবিয়া এয়ারলাইন্সের’ একটি বিমানে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেন।

বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের সারজা বিমানবন্দরে অবতরণ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার ফ্লাইটটি বাতিল হয়। রফিকুলের সঙ্গে পরিবারের সদস্যদের ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের কথা হয়৷ এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷

এমনকি তার তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সব কিছু অফলাইন দেখাচ্ছে। বাতিল হওয়া ওই ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও প্রবাসী রফিকুল বাড়ি ফিরেননি ও পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার।

রফিকুলে স্ত্রী আর্জিনা বেগম বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই৷  ৮ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। সে কোথায় আছে; কেমন আছে? আমরা কেউ জানি না। 

বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন, আমার বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের পর খুব দুশ্চিন্তায় আছি। বাবার সঙ্গে ঈদ করবো এই আশায় আছি। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার বাবার সন্ধান দিন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, তার নিখোঁজের বিষয়টি শুনেছি। আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন বিষয়টি দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

ইত্তেফাক/এপি