ঈদে বরিশালগামী মানুষের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৫

বরিশাল অফিস

ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদমারীর পুলিশ অফিসার্স মেসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান। সভায় আসন্ন ঈদুল আজহায় দক্ষিণাঞ্চলগামী মানুষের দুর্ভোগ লাগবে নানান সিদ্ধান্ত নেয়া হয়। নদীপথ ও সড়কপথের যাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনাসহ সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মেট্রোপলিটন এলাকার স্থায়ী ও অস্থায়ী গরুর হাটে নির্বিঘ্নে কেনাকাটার পরিবেশ বজায় রাখতে একাধিক টিম গঠন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় যাত্রীদের ভোগান্তি লাঘবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া কোরবানির বর্জ্য অপসারণসহ সার্বিক পরিস্থিতিতে সিটি করপোরেশনের নিজ নিজ দপ্তর প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা সভা শেষে দুপুর ২টায় বরিশালে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের (ইটিপিএফএস) উদ্বোধনকালে মেয়র বলেন, দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সবকিছু ডিজিটাল হচ্ছে।

সরকারি সংস্থা হিসেবে পুলিশেও ডিজিটালাইজেশন হচ্ছে। তারই একটি অংশ বরিশালে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম। এর মধ্য দিয়ে জনগণের কোনো ভোগান্তি থাকবে না বললেই চলে। পুলিশের কাজ আরো সহজ হয়ে গেল। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু রায়হান মো. সালেহ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ট্রাফিক পরিদর্শক, সার্জেন্টরা উপস্থিত ছিলেন।