২০ মণের কালু বাঘার দাম ১০ লাখ টাকা

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৬

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন হাটবাজারে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমতে শুরু করেছে গরু-ছাগলের হাট। আকর্ষণীয় বড়ো গরু নিয়ে মানুষের আগ্রহেরও যেন কমতি নেই। আর এই আগ্রহের কারণেই এবার হাটে ওঠার আগেই উপজেলার বেশ কয়েকটি গরু নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কালু বাঘা। যেমন নাম তেমনি কুচকুচে কালো তার গায়ের রঙ।

হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের গাংঙ্কুল পাড়ায় তিতাস নদী সংলগ্ন সাদিয়া ডেইরি খামারে আড়াই বছর আগে জন্ম হয় কালু বাঘার। খামারে গিয়ে দেখা যায়, কালুর মাথার ওপর ঘরে ঝুলছে কয়েকটি ফ্যান। আদর যত্নের কোনো কমতি নেই কালু বাঘার। দুষ্টুমিভাব একদমই নেই কালুর মধ্যে। কালু বাঘাকে এক নজর দেখতে, তার গায়ে হাত বুলাতে লোকজন তিতাস পাড়ে ভিড় করছেন।

কালু বাঘার মালিক মো. মাইনুদ্দিন মিয়া জানান, কালুর মায়ের নাম ছিল বাসন্তি। বাসন্তি কালুসহ চারটি বাছুরের জন্ম দেয়। চারটির মধ্যে কালু বাঘা সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘকায়। উচ্চতায় সাড়ে পাঁচ ফুট, লম্বায় ১০ ফুট, ওজন ২০ মণ। কোরবানি উপলক্ষ্যে কালুকে বিক্রি করা হবে। ক্রেতাদের সঙ্গে দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। প্রতিদিন ছোলা, গমের ভুসি, খেসারি, ভুট্টা, ধানের কুঁড়া, গাজর, আপেল, মালটা, কলা, টম্যাটোসহ বিভিন্ন প্রকার খাবার খাওয়ানো হয় কালুকে।

খামারের মালিক জানান, লোকজন গরু কিনতে তার খামারে আসছেন। সঠিক দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না। বাড়িতে বিক্রি করতে পারলে কিছু কম হলেও ভালো বলেন তিনি।